ঘরে বসেই মঙ্গলের মাটি খুড়লো নাসার বিজ্ঞানীরা

২১ এপ্রিল, ২০২০ ১১:৪৮  
করোনায় ঘরবন্দি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরাও। ফলে এখন ঘরে বসেই পৃথিবী থেকে ১২৫ মিলিয়ন মাইল দূরে মঙ্গলগ্রহে পাঠানো মহাকাশযান ‘কিউরিসিটি’কে নিয়ন্ত্রণ করছেন তারা। সাধারণ ল্যাপটপ, লাল-নীল থ্রিডি চশমা ব্যবহার করেই এবার তারা কিউরিটিসিকে মঙ্গলের মাটিতে এডিনবার্গ এলাকায় গর্ত করার নিদের্শনা পাঠিয়েছেন। গবেষক দলের প্রধান অ্যালিসিয়া অ্যালবাগ জানিয়েছেন, এ কাজে ম্যাসেজিং অ্যাপসের উপর নির্ভর করতে হচ্ছে তাদেরকে। এক্ষেত্রে একজন অন্যজনকে বুঝতে পারার জন্য বেশি জোর দিতে হচ্ছে। আর এতে প্রতিদিন এক/দুই ঘন্টা বেশি কাজ করতে হচ্ছে তাদের। নাসা জানিয়েছে, আগে একটি বিশেষ কক্ষে বসে এক সাথে স্ক্রিন, ইমেজ ও ডেটা শেয়ার করে এই ধরনের কাজ করতেন বিজ্ঞানীরা। এখন তারা সেই কাজ করছেন বাসায় অনলাইন সার্ভিস ও চ্যাটরুমের মাধ্যমে। জানাগেছে, মঙ্গলগ্রহে থাকা মহাকাশযানকে নির্দেশনা দেয়ার কাজে সাধারণত ২০ জন কর্মকর্তাকে একসঙ্গে যুক্ত হতে হয়। সেই সাথে চ্যাট করার জন্য আরো বেশ কয়েকজন কর্মচারীর প্রয়োজন হয়। কিন্তু কোভিড-১৯ এর কারণে গত মাস থেকেই একে অন্যের কাছ থেকে দূরে থেকে বাসায় বসে কাজ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। কাজটা ঠিকঠাক মতো করার জন্য অফিস থেকে তাদের বাসায় হেডসেট, মনিটরসহ অন্য সব সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়।